বোধিসত্ত্বচর্যায় প্রবেশের মার্গদর্শক তিন গ্রন্থ
বৌদ্ধ মন্ত্রনয় ধারা: মহাযান-বজ্রযানের উৎপত্তি এবং ক্রমবিকাশ
পর্ব ৪বোধিসত্ত্বচর্যায় প্রবেশের মার্গদর্শক তিন গ্রন্থ
বোধিসত্ত্বচর্যার কথা বলতেই আমাদের মনে প্রথমে শান্তিদেবের বোধিচর্যাবতার উঁকি মারে। বোধিসত্ত্বচর্যার কুঁড়ি তারও সাতশো বছর আগে ফুটেছিল। বোধিসত্ত্ব শব্দটির ব্যাসবাক্য দাঁড়ায়— বোধির উদ্দেশ্যে অগ্রসর হয়েছেন যে সত্ত্ব। স্থবির নিকায়ে বোধিলাভের পূর্বাবধি বুদ্ধকে বোধিসত্ত্ব বলা হত। বুদ্ধধর্ম প্রচারের অন্যতম কৌশল্য ছিল জাতকের গল্প। প্রত্যেক জাতকে তিনটি করে অংশ। প্রথম অংশে উদ্ভূত সমস্যা, দ্বিতীয় অংশে বুদ্ধ পূর্বজন্মে কীভাবে এমন সমস্যার সমাধান করেছিলেন তার বর্ণনা, এবং শেষাংশে নীতিশিক্ষা থাকত। জাতকের প্রাচীনত্ব নিয়ে মতভেদ আছে। তবে আমার মনে হয়, একেবারে স্বল্পশিক্ষিত সাধারণ মানুষকে মেঠো ভাষায় ধর্ম বোঝানোর জন্য এই কৌশলের প্রয়োগ বুদ্ধ তাঁর জীবদ্দশাতেই করেছিলেন। পরে জাতকখণ্ড আরো বৃদ্ধি পায়। নতুন নতুন গল্প তাতে যুক্ত হয়। নিকায়ভেদে আবার জাতকের গল্প বদলে যেত। উদাহরণস্বরূপ, পালি নিকায়ে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকের মধ্যেই রামায়ণের দসরথজাতক সংস্করণ তৈরি হয়ে গেছে।
অন্য দিকে সর্বাস্তিবাদীর মহাবিভাষা খ্রিস্টীয় প্রথম শতকে রামায়ণকে তীর্থিক গ্রন্থ[1] হিসেবে বর্ণনা করে বলেছে, গোটা রামায়ণে দুটি মাত্র আলোচ্য বিষয়— এক রাবণের সীতাহরণ, আরেক রামের সীতা-উদ্ধার; বৌদ্ধের শাস্ত্র এত সহজ নয়। দসরথজাতকের মতো পালি নিকায়ের আরো অনেক জাতকই সর্বাস্তিবাদী নিকায়ে অনুপস্থিত ছিল। সর্বাস্তিবাদ সহ কাশ্মীরাঞ্চলের বৌদ্ধ সংস্কৃতিতে জাতকের দোসর হয়ে আরেকপ্রকার সাহিত্য বিকশিত হতে শুরু করে, তার নাম অবদান। পালি নিকায়েও অপদান ছিল, কিন্তু সর্বাস্তিবাদ ও মহাসাঙ্ঘিক ধারার মতো সে বিকশিত হয়নি। মূলসর্বাস্তিবাদী বিনয়ের সঙ্ঘভেদবস্তুতে বুদ্ধ, যশোধরা ও রাহুলের সম্পর্কের রসায়ন যেসব অবদানের মাধ্যমে তুলে ধরা, পালি নিকায়ে সেসবের সমান্তরাল গল্প নেই। মহাবস্তু অবদানকেও বুদ্ধ ও যশোধরার জন্মান্তরের বন্ধনে সবিশেষ গুরুত্ব দিতে দেখা যায়। স্থবির নিকায়ের বুদ্ধও পূর্ব-পূর্ব জন্মে দান, শীল প্রভৃতি পারমিতা পূর্ণ করেছেন।
কিন্তু মহাসাঙ্ঘিক দর্শনে পারমিতা কেবল নিষ্প্রাণ গুণ ও নৈতিক উৎকর্ষ নন। অপরিমেয় কল্পের বোধিযাত্রায় তিনি বোধিসত্ত্বের হাত ধরে থাকা প্রণয়িণী। মহাবস্তু অবদানের কয়েকটি গল্প যশোধরাকে বোধিসত্ত্বেরও অধিকতর বলবতী চিত্রিত করেছে,[2] যা স্থবির নিকায়ের যে কোনো নারীচরিত্রায়ণের সঙ্গে তুলনায় রীতিমতো বৈপ্লবিক সিদ্ধ হয়।
লোকোত্তরবাদী মহাসাঙ্ঘিকদের বিনয়পিটকের অংশ মহাবস্তু অবদান। মোটামুটি খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকের পর থেকে মহাবস্তুর গল্পগুলো রূপ নিতে আরম্ভ করেছিল। মহাবস্তুতে প্রথম বোধিসত্ত্বের দশ ভূমির চর্যা পাওয়া যায়। দশটি ভূমির নাম দুরারোহা, বর্ধমানা, পুষ্পমণ্ডিতা, রুচিরা, চিত্তবিস্তার, রূপবতী, দুর্জয়া, জন্মনিদেশ, যৌবরাজ্য, অভিষেক।
দুরারোহা ভূমিতে বোধিসত্ত্ব প্রথম বোধিচিত্ত উৎপন্ন করেন এবং বোধিলাভের সংকল্প করেন। দানপারমিতা, করুণা, নিরলস অধ্যবসায়, বিনয়, শাস্ত্রাধ্যয়ন, শৌর্য, সংসারবৈরাগ্য এবং সহিষ্ণুতা, এই আট গুণের অনুশীলন করেন। বোধিলাভের সংকল্পে প্রথম জাগ্রত চিত্তকেই বলা হয় বোধিচিত্ত। জগতে দুর্লভতম বোধিচিত্ত রত্ন। সহজে বোধিচিত্ত উৎপন্ন হয় না বলেই এই ভূমির নাম দুরারোহা।
বর্ধমানা নামক দ্বিতীয় ভূমিতে সংসারজীবনের প্রতি বোধিসত্ত্বের বিরাগ জন্মায়। তিনি বুদ্ধ, ধর্ম ও সঙ্ঘের প্রতি অটল আস্থা, অক্রোধ, নম্রতা, উদারতা, আন্তরিকতা, দৃঢ়তা এবং সকল প্রাণীর কল্যাণসাধনের সংকল্প গড়ে তোলেন। পাঠভেদে এই ভূমির বদ্ধমানা নামও মেলে, কিন্তু বদ্ধমানা শব্দ এখানে অর্থকর নয়। দুরারোহা ভূমিতে বপনকৃত কুশলমূল এই ভূমিতে বর্ধিত হয়, তাই বর্ধমানা নাম।
তৃতীয় ভূমি পুষ্পমণ্ডিতায় বোধিসত্ত্বের চিত্ত নিঃস্বার্থ ত্যাগের দিকে চালিত হয়। তিনি ভোগাসক্তি পরিহার, দান, ধর্মশ্রবণ ও ধর্মপ্রচার, বিপন্ন প্রাণীদের রক্ষা এবং মানুষের কল্যাণসাধনের মতো চর্যায় অগ্রসর হন। পূর্বোক্ত দুই ভূমির তুলনায় এই ভূমির চর্যা আরো সুন্দর, কুশলমূল আরো গভীর, তাই পুষ্পমণ্ডিতা নাম।
চতুর্থ ভূমি রুচিরায় বোধিসত্ত্ব ধর্মানুশীলন, সংযম এবং কল্যাণকর কর্মে নিজেকে প্রতিষ্ঠিত করেন। এই পর্যায়ে ধর্মের প্রতি তাঁর নিষ্ঠা ও বোধির পথে অগ্রসর হবার দৃঢ়তা বিশেষ গুরুত্ব পায়। রুচিরা শব্দের অর্থ শোভন, মনোরম, উজ্জ্বল। প্রত্যেক ভূমিতে বোধিসত্ত্বের চর্যার শোভা পূর্বাপেক্ষা বৃদ্ধি পায়।
চিত্তবিস্তার নাম্না পঞ্চম ভূমিতে বোধিসত্ত্ব রাগ, দ্বেষ ও মোহে জ্বলন্ত সংসারের প্রকৃতি উপলব্ধি করেন। এই উপলব্ধির ফলে তাঁর মধ্যে সংসারবৈরাগ্য ও বোধিলাভের সংকল্প আরো দৃঢ় হয়, তাই এই ভূমির নাম চিত্তবিস্তার।
ষষ্ঠ রূপবতী ভূমিতে বোধিসত্ত্ব প্রজ্ঞার খোঁজে অগ্রসর হন। বহুর সুখসাধনের আদর্শে অচ্যুত থেকে আধ্যাত্মিক অনুশীলন চালিয়ে যান; উচ্চতর উপলব্ধির পথে বিঘ্ন সৃষ্টিকারী প্রবণতাগুলি একে একে অতিক্রম করেন।
সপ্তম ভূমি দুর্জয়ায় বোধিসত্ত্ব আত্মসংযমে দৃঢ়প্রতিষ্ঠিত হন। তিনি প্রাণপাতে বিরত থাকার শিক্ষা দেন, জীবের প্রতি করুণা প্রকাশ করেন, শীলপারমিতার সাধনা করেন এবং রাজ্যপাট-আদি পার্থিব কর্তৃত্ব ত্যাগ করে প্রব্রজ্যা গ্রহণের আদর্শ অনুসরণ করেন। দুর্জয়া থেকে অষ্টম ভূমিতে উত্তরণের সময় তাঁর মধ্যে মহাকরুণা বিশেষভাবে বিকশিত হয়।
অষ্টম ভূমি জন্মনিদেশে বোধিসত্ত্বের চর্যায় আরো একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। এই ভূমি থেকে তিনি অনিবর্তনীয় হন, অর্থাৎ বোধিলাভের পথে পশ্চাদপসরণের মানসিকতা উৎপন্ন হবার ভয় আর থাকে না তাঁর। জগতের কল্যাণের জন্য তিনি নিজের সবচেয়ে প্রিয় বস্তু ত্যাগ করতে, এমনকী কঠিনতম আত্মনিগ্রহ স্বীকার করতেও সক্ষম হন।
নবম ভূমি যৌবরাজ্যে বোধিসত্ত্বের বুদ্ধত্বলাভের প্রস্তুতি সাঙ্গ হয়। তিনি সঞ্চিত গুণপুণ্যকে অবলম্বন করে সর্বোচ্চ আধ্যাত্মিক অবস্থায় প্রতিষ্ঠিত হন এবং ভবিষ্যত বুদ্ধের ভূমিকা গ্রহণের উদ্দেশ্যে এগিয়ে যান।
দশম ভূমি অভিষেক বোধিসত্ত্বের সাধনার চূড়ান্ত পর্যায়। তিনি তুষিত স্বর্গ থেকে অন্তিমবারের মতো মর্ত্যে জন্ম গ্রহণের সংকল্প করেন। দশ ভূমির ঈশ্বরপদ লাভ করে এই জন্মে তিনি দশবল সম্যকসম্বুদ্ধ হয়ে ওঠেন। দশভূমিকবিভাষা, অবতংসকের মতো মহাযানী শাস্ত্রগুলির শিকড় মহাবস্তু অবদানের দশ ভূমির ধারণায় নিহিত।
প্রজ্ঞাপারমিতা শাস্ত্রের আদ্যতমা গ্রন্থ অষ্টসাহস্রিকা। বোধিসত্ত্ব, মহাসত্ত্ব, মহাযানের সংজ্ঞা অষ্টসাহস্রিকা স্পষ্ট করে। মহাযানে প্রবেশের মার্গ প্রজ্ঞাপারমিতা দর্শন করান।
জাত্যন্ধকোটিনিযুতান্যবিনায়কানাং মার্গে অকোবিদু কুতো নগরপ্রবেশে।
বিন প্রজ্ঞ পঞ্চ ইমি পারমিতা অচক্ষুঃ অবিনায়কা ন প্রভবন্তি স্পৃশেতু বোধিম্॥
জন্মান্ধ যেমন মার্গদর্শকের সাহায্য ছাড়া নগরের প্রবেশপথ খুঁজে পায় না, তেমন প্রজ্ঞার চর্যা ছাড়া অন্যান্য পারমিতাও চক্ষুহীন হয়ে থাকে। প্রজ্ঞাপারমিতাই অন্যান্য পারমিতাকে ধারণ করেন। বোধিসত্ত্বচর্যা এই নির্বিকল্প প্রজ্ঞার চর্যা। প্রজ্ঞাপারমিতার শূন্যগর্ভেই বোধিসত্ত্ব ও সম্যকবুদ্ধগণের অধিষ্ঠান। বোধিসত্ত্বের গুণনিচয়, অনুত্তর সমাধি, অদ্বয় পরমার্থের উপলব্ধি, প্রজ্ঞাপারমিতার মাহাত্ম্য এই গ্রন্থের বিষয়বস্তু। এর কাব্যরূপ রত্নগুণসঞ্চয়গাথার বঙ্গানুবাদ অকুতোভয়ায় দ্রষ্টব্য।
প্রাতিষ্ঠানিক মহাযানের প্রথম সফল প্রচেতা নাগার্জুন। সাতবাহনরাজাকে উদ্দিষ্ট রত্নাবলীর চতুর্থ অধ্যায়ে বোধিসত্ত্বচর্যার সারমর্ম পাওয়া যায়।
ব্যর্থমেব জগন্মত্বা যাথাভূত্যান্নিরাস্পদঃ।
নির্বাতি নিরুপাদানো নিরুপাদানবহ্নিবৎ॥
বোধিসত্ত্বোঽপি দৃষ্টৈবং সম্বোধৌ নিয়তো মতঃ।
কেবলং তস্য কারুণ্যাদা বোধের্ভবসন্ততিঃ॥
বোধিসত্ত্বস্য সম্ভারো মহাযানে তথাগতৈঃ।
নির্দিষ্টঃ স তু সংমূঢ়ৈঃ প্রদ্বিষ্টশ্চৈব নিন্দ্যতে॥
গুণদোষানভিজ্ঞো বা দোষসংজ্ঞী গুণেষু বা।
অথবাপি গুণদ্বেষী মহাযানস্য নিন্দকঃ॥
পরোপঘাতিনো দোষান্ পরানুগ্রাহিণো গুণান্।
জ্ঞাত্বোচ্যতে গুণদ্বেষী মহাযানস্য নিন্দকঃ॥
যৎস্বার্থনিরপেক্ষত্বাৎ পরার্থৈকরসপ্রিয়ম্।
গুণাকরং মহাযানং তদ্দ্বিষী তেন দহ্যতে॥
শ্রাদ্ধোঽপি দুর্গৃহীতেন দ্বিষ্যাৎ ক্রুদ্ধোঽথবেতরঃ।
শ্রাদ্ধোঽপি দগ্ধ ইত্যুক্তঃ কা চিন্তা দ্বেষাবন্ধুরে॥
বিষেণাপি বিষং হন্যাদ্যথৈবোক্তং চিকিৎসকৈঃ।
দুঃখেনাপ্যহিতং হন্যাদিত্যুক্তে কিং বিরুধ্যতে॥
মনঃপূর্বংগমা ধর্মা মনঃশ্রেষ্ঠা ইতি শ্রুতেঃ।
হিতং হিতমনাঃ কুর্বন্ দুঃখেনাপ্যহিতং কথম্॥
দুঃখমপ্যায়তীপথ্যং কার্যং কিমু সুখং হিতম্।
আত্মনশ্চ পরেষাং চ ধর্ম এষা সনাতনঃ॥
মাত্রাসুখপরিত্যাগাৎ পশ্চাচ্চেদ্বিপুলং সুখম্।
ত্যজেন্মাত্রাসুখং ধীরঃ সংপশ্যন্ বিপুলং সুখম্॥
ন মৃশ্যতে চ যদ্যেতৎ কটুভৈষজ্যদায়িনঃ।
ততশ্চিকিৎসকাদ্যাশ্চ হতা নৈবং চ যুজ্যতে॥
অপথ্যমপি যদ্দৃষ্টং তৎপথ্যং পণ্ডিতৈঃ ক্বচিৎ।
উৎসর্গশ্চাপবাদশ্চ সর্বশাস্ত্রেষু শস্যতে॥
করুণাপূর্বকাঃ সর্বে নিষ্যন্দা জ্ঞাননির্মলাঃ।
উক্তা যত্র মহাযানে কস্তন্নিন্দেৎসচেতনঃ॥
অত্যৌদার্যাতিগাম্ভীর্যাদ্বিষণ্ণৈরকৃতাত্মভিঃ।
নিন্দ্যতেঽদ্য মহাযানং মোহাৎ স্বপরবৈরিভিঃ॥
দানশীলক্ষমাবীর্যধ্যানপ্রজ্ঞাকৃপাত্মকম্।
মহাযানমতস্তস্মিন্ কস্মাদ্দুর্ভাষিতং বচঃ॥
পরার্থো দানশীলাভ্যাং ক্ষান্ত্যা বীর্যেণ চাত্মনঃ।
ধ্যানং প্রজ্ঞা চ মোক্ষায় মহাযানার্থসংগ্রহঃ॥
পরাত্মহিতমোক্ষার্থাঃ সংক্ষেপাদ্বুদ্ধশাসনম্।
তে ষট্পারমিতাগর্ভাস্তস্মাদ্ বৌদ্ধমিদং বচঃ॥
পুণ্যজ্ঞানময়ো যত্র বুদ্ধৈর্বোধের্মহাপথঃ।
দেশিতস্তন্মহাযানমজ্ঞানাদ্বৈ ন দৃশ্যতে॥
খমিবাচিন্ত্যগুণত্বাদুক্তোঽচিন্ত্যগুণো জিনঃ।
মহাযানে যতো বুদ্ধমাহাত্ম্যং ক্ষম্যতামিদম্॥
জগতের অন্তঃসারশূন্যতার উপলব্ধি যাঁর হয়েছে, তিনি জ্বালানি ফুরিয়ে যাওয়া আগুনের মতো নির্বাপ্ত হন। এই উপলম্ভহীন পরম শান্তিই সম্যকসম্বোধি। বোধিসত্ত্ব সর্বদা এই অনুত্তর সমাধিতে বিচরণ করেন। কেবল করুণার দায়ে বোধিসত্ত্বের সাংসারিক প্রকাশ অব্যাহত থাকে। যে মহাযানে এই অমূল্য সাধনসম্পদ অবারিত হয়েছে, সেই মহাযানের প্রতি বিদ্বেষ কেবল মোহগ্রস্তরাই পোষণ করতে পারে। যারা গুণ ও দোষের পার্থক্য জানে না, অথবা গুণকেই দোষ বলে মনে করে, তারাই মহাযানের নিন্দক। পরহানিসাধন গর্হিত এবং পরহিতসাধন কর্তব্য জেনেও যারা মহাযানের নিন্দা করে তাদের গুণবিদ্বেষী ছাড়া অন্য কিছু বলা যায় না।
মহাযান স্বার্থে উদাসীন। পরার্থসাধনই মহাযানে একমাত্র কাম্য বলে বিবেচিত। এমন গুণের আধার যাদের বিচারে নিন্দনীয়, তারা নিজেদের বিদ্বেষের আগুনে নিজেরাই দগ্ধ হয়। শ্রদ্ধাবানও ভ্রান্ত অর্থ গ্রহণ করে পথচ্যুত হতে পারে, সেখানে যার অন্তরে বিদ্বেষের বিষ তার দহনযন্ত্রণাভোগ অনিবার্য বলাই বাহুল্য। চিকিৎসা শাস্ত্র বলে, বিষ দিয়ে বিষ নষ্ট করা সম্ভব। তবে বোধিসত্ত্বও নিজে ভবদুঃখ সয়ে অপরাপর সত্ত্বের ভবদুঃখ প্রশমিত করতে পারেন, এ কথা মানতে আপত্তি কোথায়? বুদ্ধ মনকে সব ধর্মের পূর্বতন বলেছেন। যে সাধক হিতকর মনে অগ্রসর হন, তাঁর দুঃখের সাধনে কারো অনিষ্ট হবার নয়। দুঃখ যদি ভবিষ্যতে পথ্য হয়ে নিজের ও দশের হিত সাধন করে, তবে সে দুঃখেরও সাধনা করা উচিত। সামান্য সুখ ত্যাগ করলে যদি পরমার্থসুখ লব্ধ হয়, তবে সেই পরমার্থসুখের কথা বিবেচনা করে জ্ঞানী ব্যক্তি সামান্য সুখ ত্যাগে কুণ্ঠিত হন না। নইলে তিক্ত ওষুধ দেওয়া চিকিৎসকদেরও দোষী সাব্যস্ত করতে হয়। কখনো কখনো যা অপথ্য বলে মনে হয়, তাকেও পণ্ডিতেরা পথ্য বলে নির্ধারণ করেন।
সব শাস্ত্রেই সাধারণ বিধানের পাশাপাশি বিশেষ ব্যতিক্রমকেও স্বীকৃতি দেওয়া হয়। বোধিসত্ত্বের অনুত্তর সমাধি স্পর্শ করেও সংসারলগ্ন থাকার চর্যা আপাতদৃষ্টিতে বুদ্ধবচনের লঙ্ঘন বলে মনে হয়। কিন্তু মহাযান বোধিসত্ত্বচর্যাকে করুণার দায় হিসেবে যেভাবে জ্ঞাননিষ্যন্দ মাখিয়ে উপস্থাপন করে, কোনো বিবেকবান চেতনাসম্পন্ন তার নিন্দা করতে পারেন না। যাদের অন্তর অশুদ্ধ, তারা আজ মহাযানের অতিশয় উদারতা ও গভীরতা দেখে ঈর্ষান্বিত হয়ে মহাযাননিন্দা করছে। মহাযান দান, শীল, ক্ষমা, বীর্য, ধ্যান, প্রজ্ঞা ও করুণাকে স্বভাবরূপে ধারণ করে। কেন তার সম্পর্কে দুর্ভাষণ করা হবে? দান ও শীলের পারমিতা পরার্থে সাধিত হয়; ক্ষমা ও বীর্য আত্মার্থে সাধিত হয়; ধ্যান ও প্রজ্ঞা সাধিত হয় মোক্ষার্থে।
এইপ্রকারে মহাযানের উদ্দেশ্যসমূহের সংক্ষিপ্ত সমাবেশ ঘটে। পরার্থ, আত্মার্থ ও মোক্ষার্থ নিয়েই বুদ্ধশাসন। মহাযানও এই ছয় পারমিতাকে অবলম্বন করেই প্রতিষ্ঠিত, অতএব মহাযানের শিক্ষাও বুদ্ধেরই শিক্ষা। বুদ্ধই বহুজনহিতায় সুখায় এই মহাপথ উপদেশ করেছেন। কিন্তু অবিদ্যায় আবৃত থাকলে এ পথ দেখা যায় না। মহাযান বুদ্ধকে আকাশের মতো অচিন্ত্য গুণসম্পন্ন মানে। এ পথে পা রাখলে বুদ্ধকে বর্ণনা করা অসাধ্য হয়ে ওঠে, এবং এই অক্ষমতাই মহাযানকে সর্বোৎকৃষ্ট সিদ্ধ করে। মহাযান নিয়ে যাদের নাসিকাকুঞ্চন তাদের উদ্দেশ্যে নাগার্জুনের এই কৈফিয়ত।