Skip to main content
विक्रम संवत २०८३
बुधवार · ११ नवंबर २०२६
आनुपूर्वी हिन्दी
✦ अतीत और अनागत के संधिकाल में ✦
आगामी कार्यक्रम 22 Nov 2026
Exploring Enduring Colonialism: Classical Presences and Modern Absences in Indian Philosophy
A Raghuramraju
रचना भेजें

আকাদেমি বানান অভিধানের ভ্রান্তি: হসন্ত-বর্জনের ব্যাকরণগত অসংগতি ও শিক্ষার্থীদের বিভ্রান্তি

এই প্রবন্ধে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি প্রকাশিত ‘আকাদেমি বানান অভিধান’-এর বানানবিধির বিভিন্ন ব্যাকরণগত অসংগতি ও ত্রুটি বিশেষত তৎসম শব্দে হসন্ত-চিহ্নের ব্যবহার ও বর্জন সংক্রান্ত সিদ্ধান্তগুলির সমালোচনামূলক পর্যালোচনা করা হয়েছে। আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে হসন্তের ব্যাকরণগত তাৎপর্য, সংস্কৃত প্রাতিপদিক ও প্রত্যয়জাত শব্দের স্বরূপ, সন্ধি-সমাসের নিয়ম এবং ণত্ববিধানের প্রয়োগ।
আকাদেমি বানান অভিধানের ভ্রান্তি: হসন্ত-বর্জনের ব্যাকরণগত অসংগতি ও শিক্ষার্থীদের বিভ্রান্তি
AIচিত্রটি প্রতীকী এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সহায়তায় নির্মিত
WhatsApp X / Twitter Facebook RSS फ़ीड

পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি কর্তৃক ‘আকাদেমি বানান অভিধান’ প্রথম প্রকাশিত হয় এপ্রিল ১৯৯৭ খ্রিস্টাব্দে। তারপর ক্রমে ক্রমে গ্রন্থটির সাতটি সংস্করণ (সপ্তম সংস্করণ: জানুয়ারি ২০১১ খ্রিস্টাব্দ) সম্পন্ন হলেও গ্রন্থটি বাঙালির বানান শিক্ষার পরিচ্ছন্ন, ভ্রান্তিহীন, গ্রহণযোগ্য এক আদর্শ দিশারী হতে পারল না। একে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির ব্যর্থতা ছাড়া আর কী-বা বলা যায়! বিশিষ্ট বাঙালি বুদ্ধিজীবীদের মনন-চর্চার এই কেন্দ্রটির দৈন্যদশা দেখে আজ আমরা হা-হুতাশ করছি, কিন্তু এই দৈন্য হঠাৎ একদিনে তৈরি হয় নি; এর সূচনা ঘটেছে বেশ কয়েক বছর আগেই। তারপর থেকে বাঙালির জ্ঞানচর্চার দিক্‌নির্দেশক-কেন্দ্রটির গতি যে ক্রমশঃ নিম্নগামী হয়েছে তা সচেতন বাঙালিমাত্রই লক্ষ করেছেন। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সদস্যবৃন্দ কর্তৃক সৃষ্ট ‘আকাদেমি বানান অভিধান’ নানাদিক্‌ থেকে ভ্রান্তিপূর্ণ অথচ এই অভিধানে নির্দেশিত ‘বানানবিধি’ জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল বাংলা ভাষার সঙ্গে প্রথম পরিচয়লাভ করতে যাওয়া সরলমতি বাঙালি শিশু তথা তৎকালীন প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের উপর। পরিকল্পনামাফিক সেই ভুলের ভুলভুলাইয়া থেকে বেরতে না-দেবার জন্যই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরেও ওই একই বিধান বজায় রাখা হয়। ‘আকাদেমি বানান অভিধান’-এর পঞ্চম সংস্করণের নিবেদন অংশে সচিব সনৎকুমার চট্টোপাধ্যায় উল্লেখ করেছেন, ‘বিদ্যালয়শিক্ষার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে বাংলা ভাষার মাধ্যমে শিক্ষার ক্ষেত্রে আকাদেমির বানানবিধি আবশ্যিক হয়েছে।’ (১০ জুলাই ২০০৫)। এর থেকে দুর্ভাগ্য বাঙালি শিক্ষার্থীর আর কী হতে পারে! অযোগ্য দিগ্‌নির্দেশকের হাতে পরে মাতৃদুগ্ধসম মাতৃভাষার সঙ্গে তাদের প্রথম পরিচয়ের পর্বটি শুরু হচ্ছে ভুলের মধ্য দিয়ে। সচিব সনৎকুমার চট্টোপাধ্যায় স্বীকার করেছেন, ‘বর্তমান সংস্করণও [৫ম] হয়তো সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়।’ আকাদেমির সদস্যরাই যেখানে এই বানানবিধি সম্পর্কে নিঃসংশয় হতে পারছেন না, সেখানে এই বানানবিধি বাঙালি শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেওয়াটা কি একধরণের জুলুম নয়? ভ্রান্তিপূর্ণ এই বানান অভিধানটির সম্পাদকমণ্ডলীতে জ্বল জ্বল করছে কতো বড়ো বড়ো নাম— নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শঙ্খ ঘোষ, জ্যোতিভূষণ চাকি, নির্মল দাশ, পবিত্র সরকার, অশোক মুখোপাধ্যায়, অরুণকুমার বসু কাকে ছেড়ে কার নাম করি; তৎকালীন তাবর তাবর বোদ্ধারা অংশ নিয়েছেন এই কর্মযজ্ঞে। আর গ্রন্থটির প্রাথমিক সংকলক হিসেবেই প্রথমেই প্রতিভাত হচ্ছে সিপিএমের পাণিনি পবিত্র সরকারের নাম (অমিতাভ মুখোপাধ্যায় ও প্রশান্তকুমার দাশগুপ্তের নামও এই অংশে জুড়ে আছে)। অথচ এই গ্রন্থ থেকে বাঙালি গ্রহণযোগ্য বানানের সুনির্দিষ্ট দিশা পান নি শুধু নয়, অনেক ক্ষেত্রে সহজ বিষয়কে গুলিয়ে দেওয়া হয়েছে। ‘আকাদেমি বানান অভিধান’-এর এই-সমস্ত ভ্রান্তিগুলিই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। 

 ‘আকাদেমি বানান অভিধান’ গ্রন্থের ‘বানান-বিষয়ে সিদ্ধান্ত : তৎসম শব্দ’ অংশের ৬ নম্বর সূত্রে ‘হস্‌ চিহ্ন’ ব্যাপারে নিদান দেওয়া হয়েছে, ‘ব্যঞ্জনে হস্‌ চিহ্নকে তার পরস্বরহীন অর্থাৎ ব্যঞ্জনান্ত বা হলন্ত-উচ্চারণ বোঝানোর চিহ্ন বা ধ্বনিমাত্রাচিহ্ন (diacritical mark) হিসেবে গণ্য করা হয়।’ (সূত্র- ৬.১)। না, ‘ব্যঞ্জনান্ত বা হলন্ত-উচ্চারণ বোঝানোর চিহ্ন বা ধ্বনিমাত্রাচিহ্ন (diacritical mark) হিসেবে’ গণ্য করাটাই হসন্তের প্রধান কাজ নয়; স্বর নেই বোঝাতেই হসন্তের ব্যবহার। স্বর না-থাকার ফলে ব্যঞ্জনের যেমন উচ্চারণ হওয়ার কথা তেমনি হবে। অর্থাৎ ব্যঞ্জনের সঙ্গে হসন্তের প্রাথমিক যোগ স্বরের অনস্তিত্ব; পরোক্ষে তার যোগ উচ্চারণের সঙ্গে। স্বর না-থাকার সঙ্গে ব্যাকরণের সম্পর্ক আর উচ্চারণের সঙ্গে সম্পর্ক বাক্‌ভঙ্গীর। দুটোকে গুলিয়ে ফেললে চলবে কেন? যেমন, ‘শক্তিমৎ’ শব্দের প্রথমার একবচন ‘শক্তিমান্‌’—এখানে স্বরহীন ব্যঞ্জনান্ত শব্দটি গঠিত হচ্ছে ব্যাকারণের নিয়ম মেনে এবং উচ্চারণও হয় ব্যঞ্জনান্ত। কিন্তু আমরা যখন ‘আম’ শব্দ উচ্চারণ করি তখন ‘আম’ শব্দ স্বরান্ত কিন্তু উচ্চারণ করি ব্যঞ্জনান্ত —এটা সম্পূর্ণ উচ্চারণের ব্যাপার, ব্যাকরণের সঙ্গে এর কোনো যোগ নেই। কিন্তু ‘শক্তিমান্‌’ শব্দে যে হসন্ত দেওয়া হচ্ছে না, তা ব্যাকরণের নিয়ম না মেনে। তাছাড়া বাংলা ভাষা তো সংস্কৃতের মতো একেবারে বানান অনুসারী উচ্চারণ নয়; তাহলে উচ্চারণের সঙ্গে বানানকে গুলিয়ে দেওয়া হচ্ছে কেন! পবিত্র সরকারেরা বিষয়টি যে গুলিয়ে ফেলেছেন তার প্রমাণ পাচ্ছি উক্ত মন্তব্যের পরের বাক্যেই, ‘বাংলায় কয়েকটি নির্দিষ্ট ক্ষেত্র ছাড়া সংস্কৃত অ-কারান্ত শব্দ প্রায় সর্বত্র ব্যঞ্জনান্ত উচ্চারিত হয়। এই কারণে পদের শেষে হস্‌ চিহ্নের ব্যবহার বাহুল্যসূচক, এজন্য নিম্নলিখিত শব্দগুলিতে পদান্ত হস্‌ বর্জিত হবে অবাক আপদ আশিস দিক ধিক নিরাপদ পরিষদ পৃথক বণিক বিপদ বিরাট ভিষক সভাসদ সম্পদ সম্রাট ইত্যাদি।’ (সূত্র- ৬.১)। অ-কারান্ত সংস্কৃত শব্দ বাংলায় ব্যঞ্জনান্ত উচ্চারিত হয় বলে সংস্কৃত হস্‌-যুক্ত ব্যঞ্জনান্ত শব্দগুলির হস্‌-চিহ্ন তুলে দিতে হবে—এ কেমন যুক্তি? আবার অনেক তৎসম শব্দের শেষের স্বর উচ্চারিত হয়; যেমন, আর্য, কৃষ্ণ, চন্দ্র—এইসব শব্দের জন্য তাহলে কী বিধান হবে? হস্‌-চিহ্নের সম্পর্ক কি শুধু উচ্চারণের সঙ্গে; হস্‌-চিহ্নের ব্যাকরণগত তাৎপর্যকে তাঁরা বেমালুম অস্বীকার করলেন! এই অস্বীকারের ফল যে কী মারাত্মক পরের উক্তিতেই তার প্রমাণ পাওয়া যাচ্ছে, ‘তবে আপৎ শব্দের ক্ষেত্রে সমাসের পূর্ব পদের শেষে হসন্তযুক্ত ত (ৎ) ব্যবহৃত হতে পারে। যেমন : আপদ, নিরাপদ; কিন্তু আপৎকালীন। হস্‌ চিহ্নের ফলে সন্ধির নিয়মে বর্ণ পরিবর্তিত হতে পারে। যথা পৃথক্‌+অন্ন>পৃথগন্ন, বাক্‌+অর্থ>বাগর্থ ইত্যাদি।’ (সূত্র- ৬.১)। প্রাথমিক একটি ভুল যে কত কত ভুলের জন্ম দিতে পারে তার দৃষ্টান্ত একে একে আপনারা দেখতে পাবেন। হস্‌-যুক্ত তৎসম শব্দের সংস্কৃত রূপকে প্রথমেই যদি বানান উপসমিতি মেনে নিতেন তাহলে বিপরীতমুখী নতুন আর একটি সূত্রের আমদানি করতে হতো না। ‘আপদ্‌’ সংস্কৃত প্রাতিপদিক, বাংলাতেও শব্দটি প্রাতিপদিক হিসেবে গৃহীত হয়েছে। ফলে সমাসবদ্ধ হবার সময় প্রাতিপদিক ‘আপদ্‌’, ‘কালীন’ শব্দের সঙ্গে যুক্ত হয়ে ‘আপৎকালীন’ শব্দের উৎপত্তি ঘটিয়েছে। কেননা সমাস হয় প্রাতিপদিকের সঙ্গে প্রাতিপদিকের। এই সহজ বিষয়টিকে অযথা জটিল করে দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার তো কোনো অর্থ নেই! ‘পৃথক্‌’ ও ‘বাক্‌’ শব্দে হসন্ত নিষেধ করা হচ্ছে তাহলে সন্ধির সময় আবার সেই হসন্তের সাদর আহ্বান কেন? সন্ধিবদ্ধ ‘পৃথগন্ন’ ও ‘বাগর্থ’ শব্দদ্বয়ে সমিতির সদস্যেরা শুধু বর্ণের বিকারই লক্ষ করলেন, অথচ একটি মূল বিষয় তাঁদের দৃষ্টি এড়িয়ে গেল! হস্‌-চিহ্নহীন ‘পৃথক’ ও ‘বাক’ শব্দদ্বয়ের সঙ্গে ‘অন্ন’ ও ‘অর্থ’ শব্দের সন্ধি হলে তাদের রূপ যে ‘পৃথগান্ন’ (পৃথক+অন্ন)  ও ‘বাগার্থ’ (বাক+অর্থ) হতো তা তাঁদের দৃষ্টি এড়িয়ে গেল! হস্‌-চিহ্ন না-দেওয়ার এমন বিপদ থাকা সত্ত্বেও তাঁরা হস্‌ বর্জনের পক্ষপাতী! সংস্কৃত ব্যাকরণে যে-শব্দের যে-রূপ নির্দেশ করা হয়েছে তা বহুবছরের সাধনার ফল; তার একটু নড়চড় হলে যে সবকিছু উল্‌টো-পাল্টা হয়ে যায়; উপরের দৃষ্টান্তটি তার প্রকৃষ্ট প্রমাণ। 

৬.২ সূত্রে সিদ্ধান্ত করা হয়েছে, ‘তদ্ধিত মতুপ্‌ প্রত্যয়ের হসন্ত মান্‌ আর কৃৎ শানচ্‌ প্রত্যয়ের হস্‌ চিহ্নহীন ‘মান’ নিয়ে বিভ্রমের অবকাশ থাকলেও উভয় ক্ষেত্রেই হস্‌বিহীন ‘মান’ ব্যবহৃত হবে।’ এরূপ নিদানের তো কোনো যৌক্তিকতা নেই-ই উল্‌টে এখানে ব্যাকরণের নিয়ম-লঙ্ঘন হচ্ছে। বৃৎ+শানচ্‌= ‘বর্তমান’ হতে পারে কিন্তু শ্রী+মতুপ্‌= ‘শক্তিমৎ’ সংস্কৃত প্রাতিপদিক; তার প্রথমার একবচনের রূপ ‘শক্তিমান্‌’ এবং এটিই বাংলায় প্রাতিপদিক হিসেবে গৃহীত। সুতরাং এই ‘মতুপ্‌’-প্রত্যয়ান্ত শব্দের প্রথমার একবচনের শেষের হসন্ত বাদ দেওয়ার; যেমন, ‘শক্তিমান্‌’ শব্দকে ‘শক্তিমান’ করার তো কোনো যুক্তি নেই! অনুরূপভাবে ‘মতুপ্‌’-প্রত্যয় যেখানে প্রাতিপদিকের উত্তর যুক্ত হয়ে ‘বান্‌’ রূপ ধারণ করে সেখানেও শব্দের শেষে হসন্ত বজায় রাখাই নিয়ম। যেমন, ভগবান্‌। অথচ ‘আকাদেমি বানান অভিধান’-এর সম্পাদকমণ্ডলী বিধান দিচ্ছেন (৬.৩-তে), ‘অনুরূপভাবে, তদ্ধিত ‘বতুপ্‌’-প্রত্যয়জাত বান্‌, বান-রূপে লেখা হবে’ –যা একেবারেই অযৌক্তিক ও ব্যাকরণ-নিয়ম-লঙ্ঘনকারী। বামনদেব চক্রবর্তী বিষয়টি অনুধাবন করতে পেরে ‘উচ্চতর বাংলা ব্যাকরণ’ গ্রন্থে ‘মতুপ্‌’-প্রত্যয়ের আলোচনায় মন্তব্য করেছেন, ‘শ্রীমান্‌, রুচিমান্‌, ভগবান্‌, বিদ্যাবান্‌, প্রভৃতি মতুপ্‌ (বা বতুপ্‌) প্রত্যয়ের প্রয়োগ ব্যাপারে সামান্যতম শৈথিল্যও ছাত্রগণের পক্ষে মারাত্মক অপরাধ।’ বামনদেবের মন্তব্য একেবারেই যথাযথ। সংস্কৃতে একস্থানে নিয়ম লঙ্ঘন করলে যে অন্যস্থানে নিয়ম লঙ্ঘিত হয় তার আর একটি প্রমাণ দিচ্ছি। মৃ+শানচ্‌=ম্রিয়মাণ শব্দের বানানে কেন মূর্ধন্য-‘ণ’ হল? ‘শানচ্‌’ প্রত্যয়জাত ‘মান’ শব্দে তো দন্ত্য-ন থাকে! হ্যাঁ, এখানে ণত্ব-বিধানের সূত্র প্রযুক্ত হয়েছে। ণত্ব-বিধানের এক সূত্রে বলা হয়েছে, ‘ঋ, র্‌, ষ্‌ এর ঠিক পরেই যদি দন্ত্য ন না থাকে, যদি ঋ, র্‌, ষ্‌ এবং দন্ত্য ন-এর মাঝখানে কোনো স্বরবর্ণ, ক-বর্গ বা প-বর্গের কোনো বর্ণ অথবা য্‌, ব্‌, হ্‌, ং থাকে, তখনও দন্ত্য ন মূর্ধন্য ণ হইয়া যায়।’ (বামনদেব চক্রবর্তী, ‘উচ্চতর বাংলা ব্যাকরণ’)। এই সূত্রানুসারেই ‘ম্রিয়মাণ’ বানানে মুর্ধন্য-ণ হয়েছে। ‘ম্রিয়মাণ’ শব্দের বর্ণবিশ্লেষণ—ম্‌+ঋ+ই+য়্‌+ম্‌+আ+ণ+অ অর্থাৎ ণত্ব-বিধানের সূত্রানুসারে ‘ঋ’-এর পর স্বরবর্ণ, য্‌  ও প-বর্গের ব্যবধান থাকা সত্ত্বেও তারপর যে দন্ত-ন সেটি মূর্ধন্য-ণ-এ পরিণত হয়েছে। কিন্তু এই একই সূত্রের সঙ্গে মিলে যাওয়া সত্ত্বেও শ্রীমান্‌ বানানে যে মূর্ধন্য হয় না, তার কারণ কী? তার কারণ নিহিত আছে আর এক সূত্রে। ‘পদের অন্তস্থিত দন্ত্য ন্‌ মূর্ধন্য ণ্‌ হয় না।’(ব্যাকরণ-কৌমুদী)। অর্থাৎ ‘শ্রীমান্‌’ বানানের যে দন্ত্য-ন্‌ তা পদের শেষে অবস্থিত তারপর আর কোনো বর্ণ নেই; তাই সূত্রানুসারে এখানে দন্ত্য-ন্‌ হয়েছে কিন্তু ‘ম্রিয়মাণ’ শব্দের বানানে যে মূর্ধন্য-ণ হয়েছে তার কারণ এই ‘ণ’ পদের শেষ বর্ণ নয়, ‘ণ্‌’-এর পর একটি ‘অ’ বর্ণ বিদ্যমান আছে। ফলে অব্যবহিত পূর্বের সূত্র এখানে প্রযুক্ত হয় নি, প্রযুক্ত হয়েছে তার আগের সূত্রটি। বুঝতে পারছেন, সংস্কৃত কোনো সূত্রকে ইচ্ছামতো পরিবর্তন করলে কীভাবে অন্যসূত্রে তার প্রভাব পরে? সবকিছু কেমন তালগোল পাকিয়ে যায়! সুতরাং এইরূপ ভয়ঙ্কর সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলার বিবেককুলের কি আর একটু ভাবনা-চিন্তা করার প্রয়োজন ছিল না? 

ভ্রান্তিপূর্ণ এই বানান অভিধানটির সম্পাদকমণ্ডলীতে জ্বল জ্বল করছে কতো বড়ো বড়ো নাম— নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শঙ্খ ঘোষ, জ্যোতিভূষণ চাকি, নির্মল দাশ, পবিত্র সরকার, অশোক মুখোপাধ্যায়, অরুণকুমার বসু কাকে ছেড়ে কার নাম করি; তৎকালীন তাবর তাবর বোদ্ধারা অংশ নিয়েছেন এই কর্মযজ্ঞে। আর গ্রন্থটির প্রাথমিক সংকলক হিসেবেই প্রথমেই প্রতিভাত হচ্ছে সিপিএমের পাণিনি পবিত্র সরকারের নাম (অমিতাভ মুখোপাধ্যায় ও প্রশান্তকুমার দাশগুপ্তের নামও এই অংশে জুড়ে আছে)। অথচ এই গ্রন্থ থেকে বাঙালি গ্রহণযোগ্য বানানের সুনির্দিষ্ট দিশা পান নি শুধু নয়, অনেক ক্ষেত্রে সহজ বিষয়কে গুলিয়ে দেওয়া হয়েছে।

যেখানে হসন্ত দেওয়াই ব্যাকরণসম্মত সেখানে হসন্ত না-দিলে যে কী সমস্যা হতে পারে তার আর একটা দৃষ্টান্ত দিই। ধরুন কোনো বাংলা-শিক্ষার্থীকে ‘ম্রিয়মাণ’ ও হস্‌-চিহ্নহীন ‘শ্রীমান’ শব্দের বর্ণবিশ্লেষণ করতে দিলেন তখন সেই শিক্ষার্থী ‘ম্রিয়মাণ’ শব্দের ম্‌+ঋ+য়্‌+অ+ম্‌+আ+ণ্‌+অ -এইরূপ বর্ণবিশ্লেষণের পাশাপাশি ‘শ্রীমান’ শব্দের শ্‌+র্‌+ঈ+ম্‌+আ+ন্‌+অ—এরকম বর্ণবিশ্লেষণ করবে না? অর্থাৎ ‘ম্রিয়মাণ’ শব্দের ন্যায় ‘শ্রীমান’ শব্দের শেষেও অ-কারের অস্তিত্ব আছে বলে তারা ধরে নেবে। তাদের কাছে তো এই স্বরান্ত ও ব্যঞ্জনান্ত শব্দের পার্থক্য কোনোভাবেই বোঝানো যাবে না! এই বিষয়গুলি অনুধাবন করতে নিশ্চয় পবিত্র সরকারদের মস্তিষ্ক সক্রিয় হয়ে ওঠে নি।  

তৎসম শব্দে প্রয়োজনীয় হসন্তের গুরত্ব বহু আগেই অনুধাবন করেছিলেন মনীন্দ্রকুমার ঘোষ। তাঁর ‘বাংলা বানান’ গ্রন্থের ‘হস্‌-বর্জন প্রহসন’ প্রবন্ধে তিনি সে-কথাই ব্যক্ত করেছেন, ‘বৈদেশিক শব্দ আমাদের সকলের কাছে সমভাবে পরিচিত নয়, এইজন্য বৈদেশিক শব্দে স্থানবিশেষে হস্‌-চিহ্নের প্রয়োজন আছে। এ সম্পর্কে পরে আলোচনা করিতেছি। কিন্তু তৎসম শব্দের প্রয়োজনীয় হস্‌-চিহ্নের বর্জন যে কেবল অযৌক্তিক তাহা নহে—উহা মূঢ়তাব্যঞ্জক, অপরাধজনক।’ (বৈশাখ ১৩৫৮ বঙ্গাব্দ)। এরূপ উক্তির একটি কারণ তিনি রসিকতার সঙ্গে অথচ যুক্তিযুক্তভাবে বিশ্লেষণ করেছেন, ‘হস্‌ অতি ক্ষুদ্র চিহ্ন, পায়ের তলায় থাকে, ক্ষুদ্র বলিয়া অনাবশ্যক নহে, পায়ের তলায় থাকে বলিয়া তুচ্ছ নহে। চিহ্নটি না থাকিলে শব্দবিশেষের ব্যুৎপত্তি সবসময়ে বোধগম্য হয় না। মতুপ্‌-এর ‘মান্‌’ ও শানচ্‌-এর ‘মান’ যে পৃথক্‌ বস্তু হস্‌-চিহ্ন না থাকিলে তথাকথিত শিক্ষিত ব্যক্তিরাও সবসময়ে ধরিতে পারেন না।’ (ঐ)। অশুদ্ধ বানান প্রচলনের ফলে বাংলা ভাষার শিক্ষার্থীদের অসুবিধার কথা তিনি অনুধাবন করতে পেরেই মন্তব্য করেছেন, ‘পুস্তকে বানান শুদ্ধ না থাকিলে [হস্‌-চিহ্নহীন শব্দও অশুদ্ধ] যদি শিক্ষার্থীরা সন্ধি-সমাসে, ষত্ব-ণত্বে ভুল করে, তাহাদের দোষ দেওয়া যায় না।’(ঐ)। অথচ পবিত্রীয়গোষ্ঠী বাংলা বানানের ভুলভাল বিধানকেই পুস্তক রচনার আদর্শ বানান হিসেবে চালানোর চেষ্টা করে গেলেন। বাঙালি শিক্ষার্থীর শুদ্ধ বানান শিক্ষার সব পথ এইভাবে বন্ধ হয়ে গেল!    

হরিচরণ বন্দ্যোপাধ্যায় থেকে রাজশেখর বসু প্রমুখ অভিধান-রচয়িতাগণ তৎসম শব্দে প্রয়োজনীয় স্থানে হসন্তের গুরুত্ব অনুধাবন করতে পেরেছিলেন বলেই হসন্তযুক্ত তৎসম শব্দের হসন্ত সযত্নে রক্ষা করেছেন। অভিধান-রচয়িতাগণের সিদ্ধান্তকেও বিনাবিচারে লঙ্ঘন করেছেন ‘আকাদেমি বানান অভিধান’-সৃষ্টিকারী হর্তাকর্তাগণ।  

আর বানান উপসমিতির সদস্যবৃন্দ যে বলেছেন, ‘তদ্ধিত মান-এর স্ত্রীলিঙ্গে মতী, যেমন, শ্রীমতী’ বা বান-এর স্ত্রীলিঙ্গ বতী —তাও মারাত্মক ভুল। স্ত্রীলিঙ্গের ‘ঈ’-প্রত্যয় যুক্ত হয় প্রাতিপদিকের উত্তর (প্রথমার একবচনের উত্তর নয়); তাই ‘শ্রীমৎ’ শব্দের উত্তর ‘ঈ’-প্রত্যয় যুক্ত হয়ে উৎপত্তিলাভ করেছে ‘শ্রীমতী’ শব্দ। অনুরূপভাবে ‘ভগবৎ’ প্রাতিপদিকের উত্তর ‘ঈ’-প্রত্যয় যুক্ত করে তৈরি করা যায় ‘ভগবতী’ শব্দ। ফলে ‘মতুপ্‌’-প্রত্যয়জাত শব্দগুলি স্ত্রীলিঙ্গে পরিবর্তীত হবার সময় ‘মান’> ‘মতী’ বা ‘বান’> ‘বতী’ হচ্ছে এমনটা নয়; হচ্ছে ব্যাকরণের অন্য এক প্রক্রিয়ায়—এই প্রাথমিক বিষয়টিও তাঁরা বুঝে উঠতে পারেন নি।  

অভিধানের ৬.৫ নম্বর সূত্রে বলা হয়েছে, ‘ষড়্‌যন্ত্র শব্দটি ষড়যন্ত্র হিসাবেই প্রচলিত হয়ে গেছে; তেমনই ষড়্‌দর্শন ষড়দর্শন রূপে, ষড়্‌রিপু ষড়রিপু রূপে। এ প্রচলন মান্য করা যেতে পারে।’ ‘ষড়্‌যন্ত্র’ যে ‘ষড়যন্ত্র’ হয়েছে, ‘ষড়্‌দর্শন’ যে ‘ষড়দর্শন’ হয়েছে বা ‘ষড়্‌রিপু’ ‘ষড়রিপু’ হয়েছে তা যথাস্থানে হস্‌-চিহ্ন না-প্রয়োগ করার ফল। কীভাবে ব্যাকরণের ভুল, উচ্চারণকে প্রভাবিত করে এবং সেই উচ্চারণের প্রভাবে ভুলটিকেই প্রচলনের অজুহাত দিয়ে ঠিক হিসেব প্রতিপন্ন করার চেষ্টা করা হয় তার প্রত্যক্ষ নজির চোখের সামনেই আপনারা দেখতে পাচ্ছেন। অথচ এই সহজ বিষয়টি বানান সমিতির সদস্যরা ধরতেই পারলেন না! তাঁদের এই অজ্ঞতার ফল ভুগতে হচ্ছে এই কাল-পর্বের শিক্ষার্থীদের, স্বীকার করতে দ্বিধা নেই, আমিও এর ফলভোগী। অন্যদের মতো আমিও এতদিন আকাদেমি বানানবিধি অনুসরণ করে এসেছি ফলে আকাদেমির ভুলত্রুটি আমার মধ্যেও যে প্রবেশ করেছে মাঝেমধ্যেই তা টের পাই।

'আকাদেমি বানান অভিধান নাকি ভুল-বানানের সূতিকাগার' — धारावाहिक की विषय-सूची

कुल ३ भाग
१ আকাদেমি বানান অভিধানের ভ্রান্তি: হসন্ত-বর্জনের ব্যাকরণগত অসংগতি ও শিক্ষার্থীদের বিভ্রান্তি (भाग পর্ব ১)
वर्तमान भाग
२ আকাদেমি বানান অভিধানের ভ্রান্তি: সমাস, প্রত্যয় ও সন্ধির ব্যাকরণগত অসংগতি (भाग পর্ব ২)
Nov 2026 →
३ আকাদেমি বানান অভিধানের ভ্রান্তি: অতৎসম শব্দের ইতিহাস, ব্যুৎপত্তি ও বানান-বিভ্রান্তি (भाग পর্ব ৩)
Nov 2026 →
Srinibash Ghosh S
लेखक परिचय
प्रोफ़ाइल →

Srinibash Ghosh

শ্রীনিবাস ঘোষ হুগলি জেলার রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ে বাংলা বিষয়ের অধ্যাপক। আগ্রহের বিষয় বাংলা ব্যাকরণ ও মধ্যযুগের বাংলা সাহিত্য। বিভিন্ন পত্র-পত্রিকা ও সমাজ মাধ্যমে এই বিষয়ে চর্চা করে থাকেন।

स्वत्व एवं लाइसेंस: यह रचना CC BY-NC-ND 4.0 लाइसेंस के अंतर्गत प्रकाशित है। मूल लेखक का नाम और ‘आनुपूर्वी’ पत्रिका के संदर्भ के उल्लेख के साथ गैर-व्यावसायिक उपयोग के लिए मुक्त है।
महत्वपूर्ण घोषणा: यहाँ प्रकाशित लेखकों, अतिथियों और अन्य प्रतिभागियों के विचार एवं मत सर्वथा उनके अपने हैं; वे Poorvam की नीति या दृष्टिकोण को प्रतिबिंबित नहीं करते।

Srinibash Ghosh की और रचनाएँ